কোভিড১৯ পজেটিভ : যেখানে আক্রান্তরা অভিজ্ঞতা শেয়ার করেন

২৬ এপ্রিল, ২০২০ ০৩:১৪  
করোনাভাইরাস মহামারীর কারণে বাস্তবিক জীবনে অনেক পরিবর্তন এসেছে। সপ্তাহ শেষে মাস, এভাবে কয়েক মাস পেরিয়ে গেছে অজানা শঙ্কায়। এখন আগামীর পথ অজানাই রয়ে গেছে। প্রথমদিকে শোনা গেছে, এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি, করোনায় শিশুদের মৃত্যু হবে না ইত্যাদি নানা কিছু। তবে সময়ের পরিক্রমায় সব বদলে গেছে। করোনাভাইরাস তার রূপ প্রতিনিয়তই পরিবর্তন করে চলেছে। সত্যিকার অর্থে, আমরা এখনও কোভিড-১৯ অভিজ্ঞতার প্রথম পর্যায়ে আছি। আগামীতে কতোটা ভয়ংকর পথ পাড়ি দিতে হবে সেটি এখনও অজানা। ধরুন আপনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ক্ষেত্রে কী ঘটতে পারে সেটি এখনও পরিস্কার নয়। একেকজনের ক্ষেত্রে একেকরকম উপসর্গ, ভিন্ন মাত্রার অসুস্থতাসহ প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। তবে রেডিটে একটি কমিউনিটি গড়ে উঠেছে যেখানে করোনা আক্রান্ত থেকে ফিরে আসা এমনকি করোনা আক্রান্ত রোগীরা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছে। সাবরেডিট (r/COVID19positive/) এ অভিজ্ঞতা জানানোর পাশাপাশি নানা প্রশ্নোত্তরও চলমান রয়েছে। ইতিমধ্যেই এখানে প্রায় ৪৯ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। এটি অনেকের জন্য ভীতিকর জায়গা মনে হতে পারে, আবার ভীতি কাটিয়ে উঠারও প্রেরণা দিতে পারে। মূলত কোভিড-১৯ এ আক্রান্তদের গল্পগুলো একজায়গায় করার জন্য এই গ্রুপটি তৈরি করেন একজন গ্রাহক। তিনি বলেন, মিডিয়া শুধুমাত্র হাসপাতাল, লকডাউন স্থান এবং মানুষ মারা যাচ্ছে এটি দেখাচ্ছে। তবে যারা ফিরে আসছেন, লড়াই করছেন তাদের খবরও একজায়গায় আনতে এই উদ্যোগ নিয়েছি। ডিবিটেক/বিএমটি